প্রিন্ট এর তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় আনুষ্ঠানিক ভাবে জামায়াত প্রার্থীদের সমর্থন জানালেন জেলা এনসিপি'র প্রধান সময়ন্বয়ক সোহাগা
নিউজ ডেস্ক, হোপনিউজ২৪ ডটকম ||
বিসমিল্লাহির রাহমানির রাহিম
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্পিরিটকে হৃদয়ে ধারণ করে, মধ্যপন্থীদের প্রতিনিধি হিসেবে আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আমার নির্বাচনী যাত্রা শুরু করেছিলাম।
আপনারা জানেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার দল এনসিপি সাংগঠনিকভাবে ১০ দলীয় জোটে অন্তর্ভুক্ত হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। দলের এই আদর্শিক ও সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। ফলে গাইবান্ধা-৩ আসনে এনসিপির আর কোনো স্বতন্ত্র প্রার্থী থাকছে না।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক, ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং প্রবীণ জননেতা নজরুল ইসলাম (লেবু মওলানা) আমার নির্বাচনী এলাকা গাইবান্ধা-৩ আসনে ‘ইনসাফ ও ন্যায়বিচার’ প্রতিষ্ঠার প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি বিশ্বাস করি, এই মুহূর্তে এলাকার উন্নয়ন এবং ইনসাফ কায়েমের জন্য তিনিই যোগ্যতম প্রার্থী। তাই আমি এবং আমার সকল স্তরের সমর্থকবৃন্দ আসন্ন নির্বাচনে তাঁর পাশে থেকে কাজ করার দৃঢ় অঙ্গীকার করছি।
দীর্ঘদিন গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করার সুবাদে জেলার ৫টি আসনেই আমার অসংখ্য নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী রয়েছেন। আমি আমার প্রতিটি নেতাকর্মীকে উদাত্ত আহ্বান জানাই—আপনারা নিজ নিজ আসনে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন এবং জোটের হাতকে শক্তিশালী করুন।
আগামী দিনের পরিকল্পনা:
খুব শীঘ্রই আমি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা প্রদান করব এবং আমার সমর্থকদের নিয়ে সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নেব, ইনশাআল্লাহ।
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ।
ইনকিলাব জিন্দাবাদ
শুভেচ্ছান্তে,
নাজমুল হাসান সোহাগ
সাবেক মনোনীত এমপি পদপ্রার্থী, গাইবান্ধা-৩
ও প্রধান সমন্বয়কারী, এনসিপি, গাইবান্ধা জেলা।
কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত