প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬
সাদুল্যাপুর-পলাশবাড়ীবাসীকে কৃতজ্ঞতা জানালেন লেবু মাওলানা(এমপি)া
নিউজ ডেস্ক, হোপনিউজ২৪ ডটকম ||
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জননেতা অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা। সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে এই গৌরবোজ্জ্বল বিজয় অর্জিত হওয়ায় তিনি দুই উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এক বিবৃতিতে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, "এই বিজয় আমার নয়, এই বিজয় সাদুল্যাপুর ও পলাশবাড়ীর আপামর জনসাধারণের। দীর্ঘ প্রতীক্ষার পর আপনারা যে আস্থা ও ভালোবাসা আমার ওপর রেখেছেন, তার মর্যাদা আমি আমার শ্রম এবং সেবা দিয়ে রক্ষা করব, ইনশাআল্লাহ।"
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং এলাকার দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামো উন্নয়নে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
তিনি আরো বলেন, "দল-মত নির্বিশেষে সকলের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।
এছাড়াও,নির্বাচন পরবর্তী সময়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি নেতাকর্মী ও সমর্থকদের প্রতি উদাত্ত আহ্বান জানান। কোনো ধরনের প্রতিহিংসা বা বিশৃঙ্খলায় লিপ্ত না হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন তিনি।
বিবৃতির শেষাংশে অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা বলেন, "আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সততা ও নিষ্ঠার সাথে আপনাদের সেবা করতে পারি। সাদুল্যাপুর-পলাশবাড়ীকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলাই এখন আমার প্রধান লক্ষ্য।"
কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত