কুমিল্লার হোমনা উপজেলার ভবানীপুর (ঘাঘুটিয়া) নৌকাঘাট এলাকায় বজ্রপাতে এক যুবক ও দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার, ৫ অক্টোবর দুপুর আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় তারা খেয়া পারাপারের জন্য ঘাটে অপেক্ষা করছিলেন। হঠাৎ প্রবল শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।নিহতদের মধ্যে রয়েছেন—১। মমতাজ বেগম (৩৫), পিতা: মৃত হাজী মতিউর রহমান, গ্রাম: নালা দক্ষিণ, হোমনা ২। জাকিয়া বেগম (২৫), একই গ্রামের বাসিন্দা, সম্ভবত মমতাজের ছোট বোন। ৩। রাশেদ মিয়া (২২), পিতা: রাহিনুর ইসলাম, গ্রাম: খোদে দাউদপুর, দুলালপুর ইউনিয়নবজ্রপাতের সময় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন।হোমনা থানার ওসি রফিকুল ইসলাম ও এসআই জীবন বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।স্থানীয় প্রশাসন জানিয়েছে, বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করার জন্য সকলকে সতর্ক থাকতে হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাকৃতিক দুর্যোগে এমন প্রাণহানি যেন আর না ঘটে—এমনটাই কামনা করছেন স্থানীয়রা।