Hope News

অপরাধ

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার হয়ে পলাশবাড়ীর হাবীবুর আইসিইউতে ভর্তি

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার হয়ে পলাশবাড়ীর হাবীবুর নামের এক শিক্ষার্থী আইসিইউতে ভর্তি, জড়িতদের শাস্তির দাবি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জুনিয়র শিক্ষার্থীকে 'ম্যানার শেখানোর' নামে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এই নৃশংস র‍্যাগিংয়ের শিকার হয়ে হাবিবুর রহমান হাবিব নামের এক নবাগত শিক্ষার্থী বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাবিবুর রহমান হাবিব গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বাসিন্দা এবং পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের (নবাগত ব্যাচ) শিক্ষার্থী। জানা যায়, হাবিবুর পবিপ্রবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী। ক্যাম্পাসের সিনিয়র শিক্ষার্থীরা 'ম্যানার' শেখানোর কথা বলে তাকে এবং অন্যান্য জুনিয়রদের নিয়মিত ঘণ্টার পর ঘণ্টা ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১২ আগস্ট ২০২৬ তারিখে রাতে হাবিবুরের ওপর দীর্ঘ সময় ধরে নির্যাতন চালানো হয়। এতে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরেও নির্যাতন বন্ধ না করে সিনিয়ররা উল্টো হেনস্তা অব্যাহত রাখেন। একপর্যায়ে হাবিবুর জ্ঞান হারিয়ে ফেললে তাকে প্রথমে পটুয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হাবিবুরের সহপাঠীসহ সাধারণ শিক্ষার্থীরা। নবাগত শিক্ষার্থীর ওপর এমন বর্বরোচিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা।

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার হয়ে পলাশবাড়ীর হাবীবুর আইসিইউতে ভর্তি