Hope News

গাাইবান্ধা-৩ আসনের সদস্য লেবু মাওলানাকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর (হাসবাড়ী) গ্রামে নির্মাণাধীন শ্রী শ্রী কালিমন্দিরকে কেন্দ্র করে তাকে জড়িয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছেন গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলাানা নজরুল ইসলাম লেবু। এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় ব্যক্তি হরিদাস বাবুর উদ্যোগে মন্দিরটির নির্মাণকাজ চলছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়াকে নিজের দায়িত্ব ও শিষ্টাচারের অংশ হিসেবে উল্লেখ করে সংসদ সদস্য বলেন, "আমি দায়িত্ববোধ থেকেই মন্দিরের কয়েকটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেছি। বিশেষ করে মন্দিরের পাশে একটি হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন ও হরিদাস বাবু কর্তৃক একটি ত্রাণবিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করি।  এটি আমার রাজনৈতিক শিষ্টাচারের অংশ। কিন্তু একটি কুচক্রী মহল সাধারণ এই শিষ্টাচারকে পুঁজি করে হীন রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে।" তিনি আরো বলেন, ঐ মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধনের কোনো অনুষ্ঠানেই আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ একটি স্বার্থান্বেষী মহল প্রচার চালাচ্ছে আমি ঐ মন্দিরটি উদ্বোধন করেছি। যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। অভিযোগ রয়েছে, ইতিপূর্বে স্থানীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন সময়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও ওই এলাকায় গিয়েছেন। অথচ শুধুমাত্র তাকেই টার্গেট করে ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। একে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন তিনি। অধ্যক্ষ মাওলাানা নজরুল ইসলাম লেবু বলেন, "ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বাংলাদেশে এ ধরনের বিভেদ সৃষ্টিকারী অপপ্রচারে জনমত বিভ্রান্ত হবে না। যারা এই মিথ্যাচারের পেছনে কলকাঠি নাড়ছেন, তাদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের এ ধরনের হীন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।" পলাশবাড়ী উপজেলার সকল সচেতন মহল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল দায়িত্বশীল ও জনশক্তির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনারা এসব চিহ্নিত স্বার্থান্বেষী মহলের কোনো পাতানো ফাঁদে পা দেবেন না এবং বিভ্রান্ত হবেন না।" পরিশেষে, এই অপপ্রচারের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন গাইবান্ধা-৩ আসনের এই সংসদ সদস্য।

গাাইবান্ধা-৩ আসনের সদস্য লেবু মাওলানাকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ